কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ সৈয়দুল করিম (১৯) নামে এক যুবক আটক হয়েছেন। অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ক্যাম্প-১ ওয়েস্টের সি/৯ ব্লকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন সূত্র জানায়, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযানের অংশ হিসেবে মোহাম্মদ আলমের চায়ের দোকানের সামনে সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করেন। পরে সেখানে অভিযান চালিয়ে সৈয়দুল করিমকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় অন্য দুজন পালিয়ে যান।
আটক সৈয়দুল করিম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ডি-৮ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।