দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া ১০টার দিকে এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে যায়। দিনাজপুর-দশমাইল মহাসড়কের পাশে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মাসুদ আলমের বন্ধ মার্কেটের পেছনে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদগুলো পাওয়া যায়।
ব্যাটালিয়নটির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অস্ত্রগুলো সেখানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।