কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ মিনারা বেগম (২০) নামে এক নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্প-২/ইস্টের এ/৮ ব্লকে এ অভিযান চালানো হয়। আটক মিনারা বেগম ওই ব্লকের বাসিন্দা জানে আলমের স্ত্রী।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বুধবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল জানে আলমের বসতঘরে মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুজন পালানোর চেষ্টা করে। এ সময় নারী পুলিশ সদস্যদের সহায়তায় মিনারা বেগমকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে মিনারার শয়নকক্ষে খাটের ওপর রাখা তোষকের নিচে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। তার দেওয়া প্যাকেটের ভেতরে থাকা ব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।