চোখে আলো নেই, কিন্তু স্বপ্ন দেখার শক্তি আর তা পূরণের অদম্য ইচ্ছা রয়েছে। সেই আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমেই দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে অসাধারণ সাফল্য অর্জন করেছেন গাজীপুরের উলফাত কবীর প্রত্যয়।
গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী উলফাত কবীর প্রত্যয়। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে পুরো কলেজের মুখ উজ্জ্বল করেছেন তিনি। প্রতিষ্ঠানটির প্রায় ১২০০ পরীক্ষার্থীর মধ্যে এবার একমাত্র প্রত্যয়ই সর্বোচ্চ এই ফল অর্জন করেছেন।
দৃষ্টিশক্তি না থাকলেও পড়াশোনার প্রতি গভীর মনোযোগ, অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস পরিশ্রম তাকে এই সাফল্যের পথে এগিয়ে নিয়েছে। নানা সীমাবদ্ধতা পেরিয়ে তার এমন অর্জন শিক্ষক, সহপাঠী ও স্থানীয় মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি অনুপ্রেরণা তৈরি করেছে।
প্রত্যয়ের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বুধবার (২৫ নভেম্বর) তিনি প্রত্যয় ও তার পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান। এ সময় জেলা প্রশাসক তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান
শুধু প্রত্যয়কেই নয়, তার এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মা-বাবা ও শিক্ষকদেরও বিশেষভাবে সম্মান জানান জেলা প্রশাসক। তাদের অবদান ও সহযোগিতার প্রশংসা করেন তিনি।
প্রত্যয়ের এই ফলাফল প্রমাণ করেছে, শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্ন পূরণের পথে চূড়ান্ত বাধা হতে পারে না। দৃঢ় মনোবল, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতা থাকলে প্রতিকূলতাকে জয় করেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।