পার্বত্য চট্টগ্রামের মাটি ও প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগানো গেলে এ অঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি। তিনি বলেন, পাহাড়ের মাটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সোনা উৎপাদনের সম্ভাবনাও তৈরি হবে। কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমেও পাল্টে যেতে পারে পাহাড়ের অর্থনৈতিক চিত্র।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স সরবরাহের উদ্যোগ নিতে হবে। দুর্গম এলাকায় রোগী পরিবহনে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ অবকাঠামোর অগ্রগতি হলে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। কাপ্তাই হ্রদের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে পর্যটন খাতের বিকাশে দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়ার কথাও জানান তিনি।
পাহাড়ের কৃষি সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, তামাক চাষ থেকে কৃষকদের বিকল্প ফসলে উৎসাহিত করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রণোদনা দিয়ে কাজুবাদাম, কফি ও ইক্ষু চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান।
তিনি বলেন, সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট দূর করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনতে হবে। পরিষদের সদস্য ও কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহামদ, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম।
এ সময় কাপ্তাই হ্রদের মাছ আহরণ ও উৎপাদন বাড়াতে উচ্চতর কারিগরি কমিটি গঠনের প্রস্তাব দেন জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। সভায় পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।