সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পিচ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে আনা মোবাইল ফোনের ডিসপ্লেগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেগুলো প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।