মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ এবং বিজয়ের গৌরব উদযাপনে খুলনায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ঘিরে সরকারি আয়োজনের পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে খুলনায় বিভাগীয় পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
সভায় দুই দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সচিব সৈয়দ ফারুক আহম্মদ এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকও অনলাইনে সভায় যুক্ত ছিলেন।
সভায় জানানো হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরের কর্মসূচির অংশ হিসেবে ভোরে নগরীর গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা পতাকা এবং আলোকসজ্জায় সাজানো হবে।
বিজয় দিবসের সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। জেলা আউটার স্টেডিয়ামে তিন দিনব্যাপী চারু ও কারুশিল্প মেলার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামে হবে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা, শিশু বিকাশ কেন্দ্র ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বাদ জোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সন্ধ্যায় শহিদ হাদিস পার্ক ও শিববাড়ি মোড়সহ নগরীর বিভিন্ন উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
অন্যদিকে, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সোয়া ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
দুই জাতীয় দিবসের সব কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়ন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।