১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশবিরোধী কোনো তৎপরতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের নাশকতার আশঙ্কাকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। বিজয় দিবসের মর্যাদা রক্ষায় সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
তিনি ভারত সরকারের কাছে পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি করে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান তারা। তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।
প্রিন্স আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিজয় দিবস ঘিরে সহিংসতা ও নাশকতা ঠেকাতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সম্মেলনে স্থানীয় ও জেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।