মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম নজরুল কবীর, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ বন্ধে করণীয় নিয়ে আলোচনা হয়। এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।