গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। রবিবার সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচির আয়োজন করে লক্ষ্মীপুর শহর জামায়াত।
রেজাউল করিম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সরকার নির্বাচনের পাশাপাশি গণভোটেও মতামত দিয়েছে। তাঁর দাবি, সরকার গঠনের ভোটকে গ্রহণযোগ্য মনে করা হলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা হচ্ছে। জনগণের দেওয়া দুই ভোটের একটির রায় মানা হবে, অন্যটির হবে না—এমন অবস্থান গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের এ নেতা জানান, তাদের লংমার্চের লক্ষ্য সরকার পতন নয়, গণভোটের রায় কার্যকর করা। একই সঙ্গে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব দলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ন্যায়বিচার, স্থিতিশীলতা ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাছিরুদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী এবং শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে পরে মশক নিধনের ওষুধ ছিটানো, পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় জানিয়ে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।