ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, অন্যায় ও জুলুমের প্রতিবাদ এবং ইনসাফের ঠাকুরগাঁও গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ১১ দলীয় ঐক্য জোটের জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসেন একজন মজলুম মানুষ। মজলুমের কষ্ট আরেকজন মজলুমই উপলব্ধি করতে পারেন। তার দাবি, দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিরা সাধারণ মানুষের দুর্ভোগ বুঝতে পারবেন না।
তিনি আরও বলেন, দেলাওয়ার হোসেন একজন সৎ মানুষ। জনগণের জন্য বরাদ্দ করা অর্থ তিনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবেন না, বরং জনকল্যাণে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় আগামী ২৯ অক্টোবর দেলাওয়ার হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান রাশেদ প্রধান। পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




