ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে শারমিন গ্রুপের আটতলা ভবনের ছাদ থেকে পড়ে জামাল উদ্দিন (৩৮) নামে এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
নিহতের বড় ভাই ইস্কান্দার আলী খান বাদী হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আশুলিয়া থানায় মামলাটি করেন। মামলার নম্বর ৬৯। দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, জামাল উদ্দিন শারমিন গ্রুপে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ৩ মিনিটের দিকে প্রতিষ্ঠানের ভবনের ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, কর্মস্থলে নিরাপত্তাহীনতা ও মানসিক নির্যাতনের বিষয়টি তার মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারে। তারা ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।