প্রশাসনের আশ্বাসে রাঙামাটির সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ বিকেল ৫টার দিকে তুলে নেওয়া হয়। এতে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দেয়। অবরোধ চলাকালে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে রাখা হয়। ফলে সাজেকে অবস্থানরত এবং সেখানে যাওয়ার পথে থাকা পর্যটকেরা ভোগান্তিতে পড়েন।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি তুলে নিয়েছেন। তবে তাদের কিছু দাবি আগামী দুই দিনের মধ্যে বাস্তবায়নের শর্ত রয়েছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে যাওয়া পর্যটকেরা বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় আটকা পড়েন। একইভাবে সাজেক থেকে ফেরার পথে পর্যটকদের আরেকটি দল মাচালং এলাকায় আটকে যায়। অবরোধ প্রত্যাহারের পর তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন।
অবরোধকারীদের ভাষ্য, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে নেওয়া তাদের প্রধান দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবরোধ চলাকালে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হয়।