ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফ (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬২১ জন।
রবিবার হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য থেকে এসব জানা গেছে। মৃত সাইফ জামালপুর সদর এলাকার হযরত আলীর ছেলে। তিনি ১০ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। পরদিন ১১ অক্টোবর সকাল ৬টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক তথ্যে, ডেঙ্গুজনিত শক সিনড্রোমের কারণে হৃদ্‌যন্ত্র ও শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫৬ জন ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১৭ জন শিশু।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট ৩ হাজার ৬২১ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে।