চট্টগ্রামের পটিয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেছেন, পূজা উদযাপনে বাধা সৃষ্টি কিংবা অশান্তি তৈরির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী পল্লীমঙ্গল সমিতি ও শিবমন্দির-সংলগ্ন মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পটিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, বিএনপি সরকার শুধু পূজার সময় নয়, বছরের ৩৬৫ দিনই সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করা সরকারের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, সব ধর্মের মানুষ নিরাপদে থেকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
৫ আগস্ট-পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের পাশে ছিলেন উল্লেখ করে এমপি এনাম বলেন, এ কারণেই জনগণ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বালন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য। উদ্বোধন করেন পরিষদের উপদেষ্টা দেবাশীষ দাশ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম, পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক, বিএনপি নেতা শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোহাম্মদ তৌহিদুল আলম ও আবদুল মাবুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য এনামুল হক এনাম।