ঢাকার সাভারে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আল-আমিন বলিয়ারপুরের সাতানিপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তার বাবা পেশায় অটোরিকশাচালক।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মতিউর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আল-আমিনকে আটক করে দেহ তল্লাশি করা হলে পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে এসব ইয়াবা জব্দ করা হয়।
উপপরিদর্শক মতিউর রহমান বলেন, বনগাঁও ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেন তিনি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।