যশোর প্রতিনিধি: জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করতে ‘জুজুর ভয়’ দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, লং মার্চ ঘিরে ‘পতিত সরকার ফিরে আসবে’—এমন বয়ান তৈরি করে কর্মসূচি নিয়ে ভীতি ছড়ানো হচ্ছে। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে ৩১ অক্টোবরের যশোর-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার জানান, গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, অতীতে ১১ দলীয় জোটের অধীনে দুটি লং মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালনের প্রত্যাশা করেন তিনি।
লং মার্চের কারণে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ও মানুষের ভোগান্তি হতে পারে উল্লেখ করে ব্যবসায়ী, পথচারীসহ সংশ্লিষ্ট সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
তিনি বলেন, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে সংক্ষিপ্ত জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর যশোরের উদ্দেশে রওনা হবে। প্রায় ১২ ঘণ্টার এ যাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।




