আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, মাদক নিয়ন্ত্রণ ও শহরের যানজট নিরসনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় দুর্গাপূজা উপলক্ষে জেলার ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করা, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় মাদক, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের কথা বলা হয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদকের বিস্তার রোধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়। শহরের যানজট কমাতে ট্রাফিক পুলিশিং জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া ৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।




