সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটের হাফেজ মুফতি নাসরুল্লাহ (৩৩) মারা গেছেন। রবিবার দুপুরে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই মুফতি আতিকুল্লাহ।
নাসরুল্লাহ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর ওলামা বাড়ির হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি ঢাকার জামেয়া রবিউল্লাহ ইসলামীয়া মাদরাসার শিক্ষা সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের বরাতে জানা গেছে, শনিবার বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান নাসরুল্লাহ। রিয়াদ বিমানবন্দরে পৌঁছানোর পর জেদ্দাগামী একটি বিমানের জন্য অপেক্ষা করার সময় হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাসরুল্লাহর মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।