মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আপাতত কোনো ঝুঁকি দেখছে না বলেও জানান তিনি।রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, কোনো বিষয়ে আগেই ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। বিষয়টি সামনে এলে তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি সদস্য দেশগুলোর আগ্রহের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে অন্য সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিন সদস্য দেশ বাংলাদেশকে এই চুক্তিতে যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে ঢাকা। তার ভাষায়, এটি মুসলিম দেশগুলোর আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।এদিকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত পর্যায়ে রয়েছে। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করার প্রস্তুতি চলছে। তবে সংলাপের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।