রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘পার্ম’। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে সাবমেরিনটির উদ্বোধন করেন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় আয়োজিত অনুষ্ঠানে সাবমেরিনটির পতাকা উত্তোলন করেন পুতিন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এটি রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম।
রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় এ ধরনের সাবমেরিনকে। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থান ও চলাচলের সক্ষমতা থাকায় শত্রুপক্ষের হামলার পরও এগুলো থেকে পাল্টা আঘাত হানার সুযোগ থাকে।
পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ‘ইয়াসেন-এম’ শ্রেণির। নতুন ‘পার্ম’ সাবমেরিনটিও এই শ্রেণির অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান পরিচালনার সামর্থ্য রয়েছে এগুলোর।