পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কোকা চাষের জন্য পরিচিত প্রত্যন্ত ভ্রায়েম উপত্যকায় টহল দলের সদস্যদের উদ্ধারে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। আপুরিমাক, এনে ও মানতারো নদীর অববাহিকা নিয়ে গঠিত এই অঞ্চলটি দুর্গম হিসেবে পরিচিত।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টার এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে উদ্ধার করেছে। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন। একমাত্র জীবিত ব্যক্তি পাইলট এনজো এসপিনোজা রোকে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে আয়াকুচো অঞ্চলের প্রত্যন্ত সানাবাম্বা এলাকায় তিন সেনাসদস্যকে উদ্ধার করেছিল এটি। পরে ওই তিন সেনাসদস্যও দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা যায়। তবে কী কারণে তাদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদনকারী অঞ্চল ভ্রায়েম। মাদক পাচার এবং শাইনিং পাথ নামের গেরিলা গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের তৎপরতার কারণে কয়েক দশক ধরে সেখানে সামরিক কার্যক্রম জোরদার রয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে আরেকটি এমআই-১৭ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পেরু অন্যতম শীর্ষস্থানীয়।