যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের সিদ্ধান্তে হাজার হাজার বিদেশি কর্মীর চাকরি ও দেশটিতে থাকার ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে, অন্যদিকে নতুন আইনের প্রভাবে প্রায় তিন লাখ বৈধ অভিবাসী হারাতে যাচ্ছেন সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা।
আইবিএমের সিদ্ধান্তে বিপাকে হাজারো কর্মী
যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বিদেশি কর্মীকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদে নতুন কর্মভিসা ও গ্রিন কার্ডের জন্য স্পন্সরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে বিশেষ করে ভারতীয় প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আইবিএমের কনসাল্টিং বিভাগে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন। এই বিভাগের যেসব কর্মী এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করছেন অথবা গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।
প্রভাবিত কর্মীদের অন্য দেশে স্থানান্তরিত হয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে তাদের তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছে প্রতিষ্ঠানটি। যারা অন্য দেশে যেতে রাজি হবেন না, তাদের আগামী ৩১ ডিসেম্বর হবে শেষ কর্মদিবস। তবে চাকরি হারানো কর্মীদের তিন মাসের বেতনসমপরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
আইবিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়িক প্রয়োজন, দক্ষ কর্মীর সহজলভ্যতা এবং গ্রাহকদের চাহিদার পরিবর্তন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে এতদিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ব্যবস্থার ওপর নির্ভরতা ছিল। তবে কয়েক বছর ধরে এ ধরনের কর্মীর চাহিদা কমছে।
তার ভাষ্য, দক্ষ কর্মীর প্রাপ্যতা ও গ্রাহকদের চাহিদার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কনসাল্টিং বিভাগের অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ বন্ধ করা হচ্ছে। তবে আইবিএমের সব বিভাগের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতি, কর্মভিত্তিক ভিসার ক্ষেত্রে বিধিনিষেধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের নিয়োগনীতিতে পরিবর্তন আনছে।
তিন লাখ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বন্ধের শঙ্কা
অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রায় তিন লাখ বৈধ অভিবাসী ২০২৭ সাল থেকে মেডিকেয়ার স্বাস্থ্যসেবা সুবিধা হারাতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। নতুন আইনের কারণে দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করা অনেক বয়স্ক ও প্রতিবন্ধী অভিবাসী সরকারি স্বাস্থ্যবিমার আওতার বাইরে চলে যাবেন।
মার্কিন সংবাদমাধ্যম *দ্য ওয়াশিংটন পোস্টের* প্রতিবেদনে বলা হয়েছে, সুবিধা হারানোর তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন, যারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং নিয়মিত কর ও অর্থ পরিশোধ করেছেন। এমনকি কিডনি রোগের শেষ পর্যায়ে থাকা কয়েকজন অভিবাসীও এই সিদ্ধান্তের প্রভাবে পড়তে পারেন।
তালিকায় রয়েছেন শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, অস্থায়ী সুরক্ষার মর্যাদা পাওয়া অভিবাসী এবং মানব পাচারের শিকার ব্যক্তিরা। তাদের অনেকেই মেডিকেয়ার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় কর্ম-অভিজ্ঞতার শর্তও পূরণ করেছেন।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার পরও স্বাস্থ্যসেবা হারানোর আশঙ্কায় রয়েছেন এসব অভিবাসী। ফলে চাকরি, অভিবাসন মর্যাদা ও চিকিৎসাসুবিধা—তিন ক্ষেত্রেই নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন দেশটিতে বসবাসরত বিপুলসংখ্যক বিদেশি নাগরিক।
সূত্র: সিএসবিসি নিউজ, সিএনএন