মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় একের পর এক যানবাহন। মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন, আহত হয়েছেন আরও ২১ জন।
মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে জ্বালানিবাহী একটি লরি উলটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। আগুনের তীব্রতায় ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও ট্যাক্সিসহ অন্তত ২০টি যানবাহন পুড়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে সিএনএন।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনকারী লরিটিতে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে সড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ হতাহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একই সঙ্গে আশপাশের অন্যান্য যানবাহনে আগুন ছড়িয়ে পড়া ঠেকানো হয়।
এদিকে, দুর্ঘটনার পরপরই মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। উদ্ধারকাজ এবং আহতদের হাসপাতালে স্থানান্তরে কয়েক ডজন অ্যাম্বুলেন্স নিয়োজিত করা হয়। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।
অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক বিভাগ বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
অন্যদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। কীভাবে জ্বালানিবাহী লরিটিতে আগুনের সূত্রপাত হলো এবং কী কারণে এত দ্রুত তা আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।