যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে ছোট একটি বিমান সাগরে বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ছয় আরোহী। নিহতদের মধ্যে আট ও দশ বছর বয়সী দুই শিশুও রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে মেক্সিকো উপসাগরের মিসিসিপি উপকূলে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ অনুসন্ধান শেষে বিমানের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
বিমানটি ছিল সেসনা ২১০ মডেলের। মিসিসিপির পাসকাগৌলা ও হর্ন দ্বীপের মাঝামাঝি সমুদ্র এলাকায় এটি আছড়ে পড়ে। কোস্টগার্ডের মুখপাত্র জুয়ান রোস জানিয়েছেন, নিহত দুই শিশুর একজনের বয়স আট বছর এবং অন্যজনের বয়স ১০ বছর।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল এলাকার আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র একটি উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। এরপর শুরু হয় অনুসন্ধান ও উদ্ধার অভিযান। কয়েক ঘণ্টার তল্লাশিতে প্রথমে ঘটনাস্থল থেকে তিনটি জীবনরক্ষাকারী জ্যাকেট ও একটি ভাসমান উদ্ধারতরী পাওয়া যায়। পরে পানিতে ভাসমান বিমানটির ভেতর থেকে ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।
বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাত্রা করেছিল। নিউ অরলিন্সের সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানিয়েছে, বিমানের আরোহীরা লুইজিয়ানার ভেনিস এলাকায় ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন।
কোস্টগার্ডের মোবাইল এলাকার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সমন্বয়ক কমডোর ট্রেভর ব্লোন্ট জানান, এমন পরিণতি তাদের প্রত্যাশিত ছিল না। তবে বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টায় বিমানে থাকা ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে ছোট বিমানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ ফ্লোরিডায় একটি ছোট বিমান মাটিতে আছড়ে পড়ে। ওই ঘটনায় পাইলটসহ বিমানের নয় আরোহীর সবাই নিহত হন।
সূত্র: দ্য গার্ডিয়ান