ভারতের পাঁচ রাজ্যের বাসিন্দাদের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন আসছে। আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার দায়িত্বে নতুন প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।
ভারতে বাংলাদেশের ভিসা আবেদনকারীদের সেবা দিতে নতুন করে দায়িত্ব নিতে যাচ্ছে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ (এসজিজিএস)। পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যে প্রতিষ্ঠানটি ভিসা আবেদন গ্রহণের কাজ পরিচালনা করবে। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে তাদের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ব্যবস্থায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দারা বাংলাদেশের ভিসার আবেদন জমা দিতে পারবেন। এসব রাজ্যে স্থায়ী বা দীর্ঘদিন ধরে বসবাসরত বিদেশি নাগরিকরাও এ সুবিধার আওতায় থাকবেন।
নতুন সেবা ব্যবস্থার জন্য কলকাতা ও শিলিগুড়িতে দুটি আবেদন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কলকাতার কেন্দ্রটির অবস্থান সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১।
শিলিগুড়ির আবেদন কেন্দ্রটি চালু হবে সিটি মলের প্রথম তলায়, সেবক রোড, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়। উপ-হাইকমিশন সংশ্লিষ্ট রাজ্যগুলোর আবেদনকারীদের আগামী ১ ডিসেম্বর থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
এতদিন পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন সংগ্রহ ও পাসপোর্ট বিতরণের দায়িত্বে ছিল ডিইউ ডিজিটাল নামের একটি প্রতিষ্ঠান। কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে তাদের দুটি কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের সেবা দেওয়া হতো। আবেদন সংগ্রহের পর সেগুলো পাঠানো হতো বাংলাদেশ উপ-হাইকমিশনে। ভিসা প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট কেন্দ্র থেকেই পাসপোর্ট ফেরত পেতেন আবেদনকারীরা।
আগামী ৩০ নভেম্বর ডিইউ ডিজিটালের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পরদিন অর্থাৎ ১ ডিসেম্বর থেকে নতুন প্রতিষ্ঠান এসজিজিএস দায়িত্ব গ্রহণ করবে।
সংশ্লিষ্টদের আশা, নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে। একই সঙ্গে পাঁচ রাজ্যের আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং সেবার মান উন্নত হবে।