বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন ড্রোন ধ্বংস এবং তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ঘিরে বাড়ছে সামরিক উত্তেজনা।
হরমুজ প্রণালির আকাশ ও জলসীমায় একের পর এক সামরিক ঘটনার খবর সামনে এনেছে ইরান। দেশটির দাবি, সোমবার (২৩ নভেম্বর) পূর্ব হরমুজের আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ধ্বংস করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী। একই রাতে নৌমাইনের বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে ড্রোন ভূপাতিতের তথ্য জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ধ্বংস হওয়া ড্রোনটি যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের চালকবিহীন আক্রমণব্যবস্থা ‘লুকাস’ (LUCAS) মডেলের বলে দাবি করা হয়েছে। তবে তেহরানের এ বক্তব্য নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, আইআরজিসির নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, প্রণালির পূর্বাঞ্চলে স্থাপন করা মাইনে দুটি ট্যাংকার আঘাতপ্রাপ্ত হয়। বিস্ফোরণের পর তিনটি তেলবাহী জাহাজেই আগুন ছড়িয়ে পড়ে। এসব ঘটনার ভিডিও প্রকাশের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তাদের দাবি, মার্কিন বাহিনীর আকাশপথে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাও জাহাজগুলোকে রক্ষা করতে পারেনি।
এ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য নতুন করে বিধিনিষেধের বার্তা দিয়েছে তেহরান। আইআরজিসি জানিয়েছে, ইরানের অনুমোদিত নৌপথ অনুসরণ না করে কোনো জাহাজ চলাচল করলে কিংবা নির্ধারিত সতর্কবার্তা অমান্য করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বের জ্বালানি বাণিজ্যে হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। এই পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়। ফলে এখানে সামরিক সংঘাত বা নৌ চলাচলে বিঘ্ন ঘটলে তার প্রভাব বিশ্ব জ্বালানি সরবরাহ ও বাজারে পড়ার আশঙ্কা থাকে।
গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচলের প্রশ্নে দুই দেশের মতপার্থক্য কাটেনি। এ কারণে সমঝোতার বাস্তবায়নও বাধাগ্রস্ত হয়েছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ চলার মধ্যেই গত জুলাই থেকে দুই দেশের মধ্যে বিরতিতে বিরতিতে সংঘাত ও উত্তেজনা অব্যাহত রয়েছে। সর্বশেষ ঘটনাগুলো সেই অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।