ভূমধ্যসাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলার ঘটনায়। পূর্বাঞ্চলীয় বেনগাজি বন্দরে নোঙর করা রাশিয়ার একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে কয়েকজন রুশ ও লিবীয় নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।
রবিবার (২২ নভেম্বর) ভোরে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে জাহাজটিতে হামলা চালানো হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বন্দরসংশ্লিষ্ট সূত্রের দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন ছিল। সামুদ্রিক ড্রোনের পাশাপাশি বিস্ফোরকবাহী অন্তত তিনটি আকাশযানও হামলায় অংশ নেয় বলে স্থানীয়দের বরাতে জানা গেছে।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট শ্রেণির যুদ্ধজাহাজ। হামলার পর জাহাজটির বড় অংশ পানিতে ডুবে যায়। কেবল সামনের কিছু অংশ দৃশ্যমান ছিল। বন্দরের আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার পাশাপাশি জাহাজ থেকে ধোঁয়া উঠতেও দেখা যায়।
বেনগাজিভিত্তিক প্রশাসনের ভাষ্য, রাশিয়ার সঙ্গে পূর্বাঞ্চলীয় সরকারের সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে অবস্থান করছিল।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি ঘাঁটি থেকে জাহাজটি লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন ছোড়া হয়েছিল। তবে ইউক্রেন কিংবা অন্য কোনো পক্ষ এখনো হামলার দায় স্বীকার করেনি। মস্কোর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একই দিন বেনগাজি বন্দরের কাছাকাছি মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলার ঘটনা ঘটে। নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটির সব নাবিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংসের খবর দিয়েছে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল।
ঘটনার পর রাশিয়ার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে বেনগাজিভিত্তিক প্রশাসন। তাদের অভিযোগ, এ ধরনের হামলা লিবিয়ার সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। হামলার উৎস ও সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত করতে আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া কার্যত দুই প্রশাসনে বিভক্ত। পশ্চিমাঞ্চলে ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলে বেনগাজিভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রশাসন রয়েছে। দেশটির রাজনৈতিক বিভাজনের পাশাপাশি রাশিয়া ও পশ্চিমা বিশ্বের ভূরাজনৈতিক প্রতিযোগিতাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
আলজাজিরার সঙ্গে আলাপকালে নিরাপত্তা বিশ্লেষক তালহা আব্দুলরাজাক হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা বলেছেন। তবে এ বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। ফলে লিবিয়ার উপকূলে এই হামলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিস্তৃত প্রভাবের নতুন দৃষ্টান্ত কি না, তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।



