বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর মৃত্যুর পর থেকে তালাবদ্ধ থাকা একটি লোহার সিন্দুক ঘিরে দীর্ঘদিনের রহস্যের অবসান হতে যাচ্ছে। প্রায় ৮৯ বছর ধরে বন্ধ থাকা সিন্দুকটি খোলার অনুমতি দিয়েছেন ভারতের ঝাড়খন্ড হাইকোর্ট। এতে বিজ্ঞানীর গবেষণাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও অজানা ইতিহাস পাওয়া যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডিতে অবস্থিত ‘শান্তি নিবাস’ নামের বাড়িতে রয়েছে সিন্দুকটি। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর এই বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন জগদীশ চন্দ্র বসু। তার মৃত্যুর পর সিন্দুকটি খোলার চেষ্টা করা হলেও চাবি না পাওয়ায় তা সম্ভব হয়নি। এরপর থেকে বাড়িটির একটি কক্ষে সিন্দুকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।
গত ১৮ নভেম্বর ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত একটি জনস্বার্থ মামলার পর্যবেক্ষণে সিন্দুকটি খোলার সম্মতি দেন। আদালত মনে করেন, শুধু বিজ্ঞানীদের জন্য নয়, মানবজাতির জ্ঞানভান্ডারের স্বার্থেও সিন্দুকটি খোলার সময় এসেছে।
একই সঙ্গে শান্তি নিবাসের সংস্কার ও ঐতিহ্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরকে হলফনামা দিয়ে পরিকল্পনা জানাতে বলা হয়েছে।
এর আগেও সিন্দুকটি খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০০২ সালে গিরিডির জেলা প্রশাসন তৎকালীন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে এটি খোলার পরিকল্পনা করেছিল। তবে নির্ধারিত কর্মসূচিতে কালাম গিরিডিতে যেতে না পারায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়েও কয়েক দফা চেষ্টা করা হলেও সিন্দুকটি খোলা সম্ভব হয়নি।
জানা গেছে, প্রায় তিন ফুট লম্বা ও দুই ফুট চওড়া পাঁচ নম্বরি লোহার সিন্দুকটি বিজ্ঞানীর ব্যবহৃত কক্ষে রয়েছে। এতে গবেষণার কাগজপত্র, ব্যক্তিগত নথি কিংবা গুরুত্বপূর্ণ কোনো বৈজ্ঞানিক তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভেতরে কী রয়েছে, তা এখনো অজানা।
জগদীশ চন্দ্র বসু নিয়মিত স্বাস্থ্য পরিবর্তনের জন্য গিরিডিতে যেতেন। ১৯৩০ সালের পর থেকে দুর্গাপূজার ছুটিতে তিনি সেখানে অবস্থান করতেন। চার একর জমির ওপর অবস্থিত শান্তি নিবাসের মালিক ছিলেন তার পিসতুতো দাদা অমৃত নাথ মিত্র। পরবর্তী সময়ে বাড়িটি বিহার মাইকা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের কাছে বিক্রি করা হয়। ১৯৯৭ সালে বিহার সরকার বাড়িটি অধিগ্রহণ করে। পরে এটি জগদীশ চন্দ্র বসু স্মারক বিজ্ঞান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ভবনের একটি অংশে জাদুঘরও প্রতিষ্ঠা করা হয়েছে।
গিরিডিতে প্রতিষ্ঠিত স্যার জগদীশ চন্দ্র বসু মেমোরিয়াল সোসাইটির সম্পাদক রীতেশ শরাফ আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, প্রায় ২০ বছর ধরে ভবনটির ঐতিহ্য সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন তারা। সিন্দুক খোলার উদ্যোগে শিক্ষার্থী, বিজ্ঞানী ও গবেষকদের সামনে নতুন তথ্য জানার সুযোগ তৈরি হতে পারে।
উল্লেখ্য, আচার্য জগদীশ চন্দ্র বসুর আদি নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ভগবান চন্দ্র বসু তখন সেখানে কর্মরত ছিলেন। শৈশবের শিক্ষাজীবনের সূচনা হয় ফরিদপুরে। উদ্ভিদ ও পদার্থবিজ্ঞানে অসামান্য অবদানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে বাঙালির গৌরবের প্রতীক হয়ে ওঠেন।