রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিসেম্বরে ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুতিনকে স্বাগত জানিয়েছেন তিনি।
আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন চাইলে যুক্তরাষ্ট্রে এসে সম্মেলনে যোগ দিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্লোরিডায় নিজের গলফ রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন সম্মেলনে আসবেন কি না, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে রুশ প্রেসিডেন্টকে সেখানে পেলে তিনি আনন্দিত হবেন।
ট্রাম্পের মতে, সম্মেলনে পুতিনের উপস্থিতি নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে। এমনকি পুতিন নিজেও যুক্তরাষ্ট্রে আসতে আগ্রহী নাও হতে পারেন। তারপরও তার পক্ষ থেকে কোনো বাধা নেই।
আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এতে পুতিনের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ক্রেমলিনের একটি সূত্র।
এর আগে গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়গুলো বিবেচনা করে তিনি সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন। তবে যুক্তরাষ্ট্র সফরের ক্ষেত্রে রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিও গুরুত্ব পাবে বলে উল্লেখ করেন তিনি।
গত ১৯ নভেম্বর চীনের শেনঝেনে এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন। ওই আলোচনায় পুতিনকে নিজের বন্ধু বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়েও আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, রাশিয়ার উচিত ইউরোপের বিভিন্ন অঞ্চলে সামরিক আগ্রাসন কমিয়ে আনা। এতে ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানের পথ তৈরি হতে পারে।
সূত্র: এএফপি ও এনডিটিভি