চীনের তিব্বত অঞ্চলে ভূমিধসের পর নদীর প্রবাহ আটকে নতুন একটি ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক হ্রদের সৃষ্টি হয়েছে। এতে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ার পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ গিরিওং পোর্ট হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নদীর ওপর ভূমিধসের মাটি, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ জমে প্রাকৃতিকভাবে বাঁধ তৈরি হলে তার পেছনে পানি আটকে যে হ্রদ সৃষ্টি হয়, সেটিই ব্যারিয়ার লেক।

এর আগে আকস্মিক বন্যার পর ওই এলাকায় একটি ব্যারিয়ার লেক তৈরি হয়েছিল। সম্ভাব্য আরও বন্যার আশঙ্কায় তখন উদ্বেগ তৈরি হলেও পরবর্তীতে হ্রদটি স্বাভাবিকভাবে পানি হারাচ্ছিল বলে জানা যায়।সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একটি পর্যবেক্ষণ ড্রোন নদীর নিচের দিকে নতুন একটি ভূমিধস শনাক্ত করে। পরে ভূমিধসের ধ্বংসাবশেষ নদীর প্রবাহ আটকে নতুন একটি প্রাকৃতিক বাধা তৈরি করে। এর পেছনে পানি জমে সৃষ্টি হয় নতুন ব্যারিয়ার লেক।

নতুন ভূমিধসটি প্রকপিউ জিয়াং জাঙবু নদীতে আগের ব্যারিয়ার লেক থেকে প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার ভাটিতে ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।পরিস্থিতি মূল্যায়নে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দ্রুত বিশেষজ্ঞদের একটি দলকে কাজে লাগিয়েছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গিরিওং পোর্ট এলাকার কাছাকাছি অবস্থান করা উদ্ধারকর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নতুন এই ব্যারিয়ার লেকের কারণে নদীর পানিপ্রবাহে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং এর ফলে আবারও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হবে কি না, তা পর্যবেক্ষণ করছে চীনা কর্তৃপক্ষ।