সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) তাদের সাজা কার্যকর করে দেশটির সরকার। বৃহস্পতিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার বরাতে প্রকাশিত সংবাদে এ তথ্য উঠে এসেছে।
সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আক্তার। সৌদি সংবাদমাধ্যম আজেল জানিয়েছে, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়। তদন্তের পর মামলাটি আদালতে পাঠানো হয়। বিচার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের রায় দেন। পরে রায় চূড়ান্ত হওয়ার পর রাজকীয় নির্দেশে তা কার্যকর করা হয়।
তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ। প্রকাশিত প্রতিবেদনে মামলার পূর্ণাঙ্গ রায়, প্রমাণ, আপিলের তথ্য কিংবা অভিযুক্তদের আইনগত সহায়তা পাওয়ার বিষয়েও স্পষ্ট তথ্য নেই। বাংলাদেশের দূতাবাস এ বিষয়ে কোনো কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিল কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে দেশটির নিরাপত্তা, ন্যায়বিচার ও ইসলামি আইন কার্যকরের অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
মুসলমানদের অন্যতম পবিত্র নগরী মক্কায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ হজ ও ওমরাহ পালন করতে যান। সৌদি আরবে বসবাসরত বিদেশি নাগরিকদেরও দেশটির আইন ও বিধিবিধান মেনে চলতে হয়।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সীমিত থাকায় অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার সব দিক স্বাধীনভাবে যাচাই করা যায়নি।




