ইসরায়েলের সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বড় ধরনের ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন তিনি।
ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার প্রস্তাব দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে পুরোপুরি ক্ষমতার বাইরে থাকতে চান না তিনি। নতুন সরকারে গুরুত্বপূর্ণ অবস্থান এবং পরবর্তী সময়ে আবারও সরকারপ্রধান হওয়ার সুযোগ রেখে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন দীর্ঘদিনের এই প্রধানমন্ত্রী।
প্রস্তাব অনুযায়ী, নতুন সরকারের মেয়াদের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। এ সময় নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রীর ভূমিকায়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে এ প্রস্তাবে।
শনিবার (২৮ নভেম্বর) নেতানিয়াহু বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া জরুরি। জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে নতুন সরকারে নিজের অবস্থান পরিবর্তনেও তিনি প্রস্তুত।
নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন আইজেনকট। তবে তার নেতৃত্বাধীন বিরোধী শিবির বিকল্প সরকার গঠনের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে সমঝোতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বিরোধী জোটের নেতারা নেতানিয়াহুর এই উদ্যোগকে সন্দেহের চোখে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতেই তিনি এমন প্রস্তাব সামনে এনেছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ একে প্রতারণামূলক কৌশল বলে আখ্যা দিয়েছেন।
গত মাসের সাধারণ নির্বাচনে কোনো দল বা জোট এককভাবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন।
নেতানিয়াহুর দলকে বাদ দিয়ে সরকার গঠন করতে আইজেনকটের জোটকে কয়েকটি আরব দলসহ অন্যান্য রাজনৈতিক পক্ষের সমর্থন নিতে হবে। এ নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে আলোচনা চলছে।
সূত্র: স্কাই নিউজ




