পৃথিবীর গভীর অভ্যন্তরে থাকা বিপুল সোনার ভান্ডার থেকে সামান্য অংশ প্রাকৃতিক প্রক্রিয়ায় পৌঁছে যাচ্ছে ভূপৃষ্ঠে। হাওয়াইয়ের আগ্নেয়শিলা বিশ্লেষণ করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।
পৃথিবীর কেন্দ্র ও ওপরের স্তরের মধ্যে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন বলে ধারণা করা হলেও নতুন গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর গভীরে সঞ্চিত সোনা ও প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর কিছু অংশ উত্তপ্ত গলিত শিলার মাধ্যমে ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে।
জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক হাওয়াই দ্বীপপুঞ্জের ব্যাসল্ট শিলা নিয়ে টানা তিন বছর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এমন তথ্য পেয়েছেন। তাদের গবেষণার ফল গত বছর বিজ্ঞান সাময়িকী 'নেচার'-এ প্রকাশিত হয়। এতে দেখা গেছে, সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা ম্যাগমার সঙ্গে পৃথিবীর গভীর স্তরের কিছু ভারী ধাতুও ভূপৃষ্ঠের দিকে অগ্রসর হচ্ছে।
গবেষণাটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন ভূতাত্ত্বিকেরা। কারণ, পৃথিবীর কেন্দ্রের উপাদান ওপরের ম্যান্টল স্তরে প্রবেশ করছে—এমন ধারণা বিজ্ঞানীদের মধ্যে প্রায় চার দশক ধরে রয়েছে। তবে এতদিন এর পক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
গবেষণার প্রধান লেখক ও গটিংজেন বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়নবিদ নিলস মেসলিংয়ের মতে, নতুন বিশ্লেষণে প্রথমবারের মতো এ ধারণার পক্ষে জোরালো প্রমাণ মিলেছে।
বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, পৃথিবীতে থাকা মোট সোনার ৯৯ দশমিক ৯৫ শতাংশের বেশি রয়েছে এর গলিত কেন্দ্রে। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় উল্কাপিণ্ডের সংঘর্ষের মধ্য দিয়ে এসব ভারী ধাতু গভীর অংশে জমা হয়েছিল। সেখান থেকে অতি সামান্য পরিমাণ সোনা এখন প্রাকৃতিক প্রক্রিয়ায় ওপরের স্তরে আসছে।
তবে এই আবিষ্কারের অর্থ এই নয় যে, পৃথিবীর গভীর থেকে সহজেই সোনা উত্তোলন করা যাবে। কেন্দ্র ও ম্যান্টলের সংযোগস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮৯৭ কিলোমিটার নিচে অবস্থিত। অন্যদিকে, রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোলই মানুষের তৈরি সবচেয়ে গভীর খননকাজ, যার গভীরতা মাত্র ১২ দশমিক ৩ কিলোমিটার। ফলে বর্তমান প্রযুক্তিতে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি পৌঁছানো কার্যত অসম্ভব।
গবেষকদের ধারণা, গভীর স্তর থেকে এসব ধাতু ভূপৃষ্ঠে পৌঁছানোর প্রাকৃতিক প্রক্রিয়ায় ৫০ কোটি থেকে ১০০ কোটি বছর পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ প্রক্রিয়াটি অত্যন্ত ধীর হলেও এখনো সক্রিয় রয়েছে। এর ফলে পৃথিবীর ওপরের স্তরে প্রাকৃতিকভাবেই অল্প পরিমাণে নতুন সোনা যুক্ত হচ্ছে।