ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়—এমন ধারণা পোষণকারী ব্যক্তি প্রকৃত হিন্দু হতে পারেন না বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্কে অনুষ্ঠিত একটি সর্বধর্ম সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মোহন ভাগবত বলেন, একবার মুসলিম সম্প্রদায়ের কয়েকজন তাকে প্রশ্ন করেছিলেন, আরএসএস যদি হিন্দু সংগঠন হয় এবং হিন্দুরাষ্ট্রের কথা বলে, তাহলে ভারতে মুসলিমদের কী হবে? তাদের কি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে?

জবাবে তিনি বলেছিলেন, ‘না, এটি হিন্দুত্ব নয়।’ তার ভাষ্য অনুযায়ী, হিন্দুত্বের ধারণায় সব পথ একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে—এ বিশ্বাস গুরুত্বপূর্ণ।

নিজের বক্তব্যের উদাহরণ হিসেবে ১৯৯৬ সালের ভারতের হরিয়ানার দাদরিতে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করেন ভাগবত। ওই দুর্ঘটনায় অধিকাংশ যাত্রী মুসলিম ছিলেন বলে তিনি জানান।তিনি বলেন, দুর্ঘটনার পর আরএসএসের স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় নিহত ব্যক্তিরা মুসলিম না হিন্দু—এমন কোনো চিন্তা করেননি। উদ্ধারকাজ থেকে শুরু করে শেষকৃত্যের ব্যবস্থা পর্যন্ত সবকিছু তারা সমানভাবে করেছেন।রাজনৈতিক স্বার্থ বা কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই মানুষের সেবা করার কারণেই সংগঠনটি এ ধরনের কাজ করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯৬ সালে সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছিলেন।এদিকে যুক্তরাষ্ট্র সফরে থাকা মোহন ভাগবত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও নিউইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান ও মুসলিম মেয়র জোহরান মামদানি আরএসএসকে একটি সাম্প্রদায়িক সংগঠন হিসেবে আখ্যায়িত করে তার সমালোচনা করেছেন।