নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন নয়, বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির নেতারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক বৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা দূর না হলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ পালন উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’ প্রতিপাদ্যে বাংলাদেশ মহিলা পরিষদ এ আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু। কেন্দ্রীয় কমিটির পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. ফওজিয়া মোসলেম ও লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাডভোকেট দীপ্তি শিকদার।
সূচনা বক্তব্যে মালেকা বানু বলেন, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা বিশ্বজুড়েই একটি বড় সমস্যা। বিভিন্ন দেশে আইন, নীতিমালা ও কর্মসূচি গ্রহণ করা হলেও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান আইন কার্যকর করার পাশাপাশি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন এবং বৈষম্যবিলোপ আইন প্রণয়ন ও সংস্কার জরুরি।
তিনি বলেন, ভুক্তভোগীদের সুরক্ষা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, দক্ষ জনবল নিয়োগ, প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা এবং জেন্ডার সংবেদনশীলতা তৈরি করতে হবে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এবং বিভিন্ন ধরনের হস্তক্ষেপ ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।
আগামী ১৫ দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রচারাভিযানে গণমাধ্যমসহ সব অংশীজনকে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
লিখিত বক্তব্যে রেখা সাহা বলেন, নারীরা শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত হতে পারেননি। বরং নির্যাতনের ধরন বদলে এখন অনলাইন ও প্রযুক্তিনির্ভর সহিংসতা, সাইবার হয়রানি, নারীবিদ্বেষী প্রচারণা এবং ব্যক্তিগত ছবি ও বার্তার অপব্যবহার নতুন উদ্বেগ তৈরি করেছে।
তিনি সংবাদ সম্মেলনে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য তুলে ধরে জানান, এ সময়ে ৩৯৮ জন ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৮০ জন মেয়ে শিশু এবং ১০৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ১৩৭টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে। একই সময়ে ১৭০ জন ধর্ষণচেষ্টা এবং ২০৬ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। এ ছাড়া বিভিন্ন কারণে ৪৯০ জন নারী ও মেয়ে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ২৫৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলনে কয়েকটি সুপারিশ তুলে ধরে মহিলা পরিষদ। এর মধ্যে রয়েছে হাইকোর্টের নির্দেশনার আলোকে যৌন হয়রানি প্রতিরোধে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন, বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীদের আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা ও মনোসামাজিক পরামর্শ নিশ্চিত করা। পাশাপাশি জরুরি সহায়তা ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন এবং সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও শিশুর বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ, নারীর সম্পত্তিতে সমঅধিকার প্রতিষ্ঠা, ক্ষতিকর সামাজিক প্রথা দূর এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইন-২০১৭ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিয়ের বয়সসংক্রান্ত আইন বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে নিয়মিত নজরদারির ব্যবস্থার কথাও তুলে ধরা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট দীপ্তি শিকদার বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে মহিলা পরিষদ প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে সহায়তা এবং মামলা পরিচালনায় সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করে সংগঠনটি।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, পুরো সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। এ সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজের সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। পুরুষতান্ত্রিক সংস্কৃতি ও আধিপত্যবাদী মানসিকতা বৈষম্য ও অপরাধের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি সমতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নারী আন্দোলনকে কেবল নারীর অধিকার আদায়ের আন্দোলন হিসেবে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনের আন্দোলনে রূপ দিতে হবে। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমণ্ডলীর সদস্য, কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের কাউন্সেলিং প্রোগ্রাম অফিসার সাবিকুন নাহার।




