২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির হাতে ট্রফি তুলে ধরে উচ্ছ্বাস প্রকাশের দৃশ্য আজও ফুটবলপ্রেমীদের মনে অমলিন। সেই ঐতিহাসিক উদযাপনের সঙ্গে জড়িয়ে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা এবার উঠতে যাচ্ছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিলে রিচমন্ড অকশনের একটি ক্রীড়া স্মারক নিলামে ট্রফিটি তোলা হবে। এর আগে এটি বুয়েনস এইরেসের জাতীয় ঐতিহাসিক জাদুঘরেও প্রদর্শিত হয়েছিল। 
২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হওয়ার পর গঞ্জালো মন্তিয়েলের সফল শটে শিরোপা নিশ্চিত হয়। ফাইনালে মেসি করেন দুটি গোল, আর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করেন হ্যাটট্রিক। শিরোপা জয়ের পর মাঠে উদযাপনের সময় খেলোয়াড়দের হাতে হাতে ঘুরেছিল ট্রফিটির রেপ্লিকা। মেসিকে সেটি উঁচিয়ে ধরতে ও চুমু খেতে দেখা যায়। পরে ইনস্টাগ্রামে ট্রফিটি হাতে একাধিক ছবি প্রকাশ করেন তিনি।
 ওই পোস্টে ৭ কোটি ৪০ লাখের বেশি লাইক পড়ে, যা একপর্যায়ে ইনস্টাগ্রামের সর্বাধিক লাইক পাওয়া পোস্ট হিসেবে পরিচিতি পায়। ট্রফিটির সঙ্গে আরও একটি বিশেষ স্মৃতি জড়িয়ে রয়েছে। উদযাপনের সময় আর্জেন্টিনার আটজন খেলোয়াড় এতে স্বাক্ষর করেন। নিলামের নথিতে লাওতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ ও আনহেল দি মারিয়ার মতো ফুটবলারের নামও উল্লেখ রয়েছে। ফুটবল ইতিহাসের স্মরণীয় মুহূর্তের সঙ্গে সম্পর্কিত এই স্মারক নিলামে কত দামে বিক্রি হয়, তা নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।