আন্তর্জাতিক নারী হ্যান্ডবলের আইএইচএফ নেশনস ট্রফিতে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ১৮ থেকে ২২ অক্টোবর ঢাকার পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নেওয়ার কথা ভারত, নেপাল ও মালদ্বীপের।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। ১৮, ১৯ ও ২০ অক্টোবর হবে লিগ পর্বের ম্যাচ। ২১ অক্টোবর ব্রোঞ্জ পদকের লড়াইয়ের পর ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
ফাইনালে খেলার বিষয়ে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক ইসমেতারা নিশি। তিনি জানান, এবারই প্রথম বিদেশি কোচের অধীনে প্রস্তুতি নিয়েছে দল। নেপাল ও মালদ্বীপের উন্নতির কথাও উল্লেখ করে তিনি বলেন, শুধু ভারতকে নিয়ে ভাবলে হবে না; সব প্রতিপক্ষকেই গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো বলেন, দলকে শুধু এই টুর্নামেন্টে ভালো ফলের জন্য নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতেও কাজ করছেন তারা। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় প্রতিপক্ষের বর্তমান সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া কঠিন হলেও প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক এস এম খালেকুজ্জামান জানান, প্রায় তিন মাসের প্রস্তুতির পর ৯০ জন খেলোয়াড় থেকে ১৭ জনকে চূড়ান্ত করা হয়েছে। পাঁচটি দলের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আফগানিস্তান আসতে পারছে না। যুদ্ধ পরিস্থিতির কারণে ইয়েমেনও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ বলেন, আসন্ন এসএ গেমসের প্রস্তুতিও এই টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য। আগের দুই আসরে নেপালের সঙ্গে পেরে না ওঠার অভিজ্ঞতা থেকে এবার ভালো করার পরিকল্পনা রয়েছে তাদের।