আগামী ৫ সেপ্টেম্বর থেকে চার রুটে শুরু হতে যাওয়া লং মার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে আয়োজন করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

সোমবার সন্ধ্যায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে বৈঠক করে। সেখানে লং মার্চের রুট, পথসভা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, **৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম**, **১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর**, **১০ অক্টোবর ঢাকা-খুলনা** এবং **২৪ অক্টোবর ঢাকা-সিলেট** লং মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি রয়েছে।১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করাই তাদের লক্ষ্য।