ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থান অনেকটাই পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁনের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল জানিয়েছেন, বৈধ ভ্রমণ নথি থাকলে কোনো নাগরিক নিজ দেশে ফিরতে পারেন। তবে বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের মধ্যকার ব্যাপার বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান হচ্ছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় পদক্ষেপ নিতে হবে।
দুই দেশের বক্তব্যের পার্থক্য তুলে ধরে রাশেদ খাঁন মনে করেন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভারতের পক্ষ থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই। জয়সওয়ালের বক্তব্যে তার দেশে না ফেরার বিষয়টিই ইঙ্গিতপূর্ণভাবে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া এবং কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধ—দুটি ভিন্ন প্রক্রিয়া। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো অনুরোধ ভারতের নির্ধারিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।