বিজয়ের মাসের সূচনা এবার বড় রাজনৈতিক আয়োজনের মধ্য দিয়ে করতে যাচ্ছে বিএনপি। মাসের প্রথম দিন রাজধানীতে সমাবেশের মাধ্যমে শুরু হবে দলটির মাসব্যাপী কর্মসূচি, যেখানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।মহান বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ডিসেম্বরকে বিজয়ের মাস হিসেবে উদযাপনে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর সূচনা হবে বড় পরিসরের একটি সমাবেশের মধ্য দিয়ে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ আয়োজন সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই বিজয়ের মাস যথাযথভাবে উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি ও দলীয় পর্যায়ে পৃথক কর্মসূচি তৈরি করা হয়েছে।
তিনি জানান, আগামী ১ ডিসেম্বর একটি বড় র্যালির মধ্য দিয়ে বিএনপির মাসব্যাপী আয়োজন শুরু হবে। কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিজয়ের মাসের উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। তবে ১ ডিসেম্বরের সমাবেশ বা র্যালি রাজধানীর কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।