বাংলাদেশের শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তুলনায় এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে শ্রমিকদের অধিকার রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শ্রমিকদের মজুরি ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে শ্রমিকদের অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার উদ্যোগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। এর ফলে শ্রমিকদের বেতন প্রায় ৩৬ শতাংশ বাড়ানো সম্ভব হয়েছে।
নতুন বেতন কাঠামোর পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেডভেদে সর্বোচ্চ বেতন দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন পর্যায়ে বেতন বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা। তার দাবি, এই মজুরি ভারত ও পাকিস্তানের শ্রমিকদের তুলনায় বেশি।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বের প্রতিও আস্থা প্রকাশ করেন বিএনপির এই নেতা। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে গঠিত কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তার দাবি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি সীমান্তের ওপার থেকে বিভিন্ন পক্ষকে কাজে লাগিয়ে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বাংলাদেশের মাটিতে তার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বিষয়ে ছড়িয়ে পড়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের জনগণের ওপর আগ্রাসন চালিয়ে কোনো শক্তির পক্ষে আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।