অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে সকালে বিমানবন্দরে উপস্থিত হন দলের শীর্ষস্থানীয় নেতারা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জামায়াত আমিরকে বহনকারী বিমান। বিমানবন্দরে পৌঁছানোর পর দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
অস্ট্রেলিয়া সফরে দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন ডা. শফিকুর রহমান। এসব আলোচনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। দুই দেশের উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা।