নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন নয়, সামাজিক প্রতিরোধও জোরদার করতে হবে। শিক্ষা, কর্মক্ষেত্র ও চলাচলের প্রতিটি জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের একটি বড় অংশ এখনো নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। নারীর মৌলিক অধিকার, নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করা জরুরি। এ জন্য পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বস্তরে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নারীর ওপর সহিংসতা, হত্যা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনক। নারীর যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করা গেলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখাও সহজ হবে।
নারীর নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য কর্মস্থলে সুরক্ষিত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে গণপরিবহন ও জনসমাগমস্থলে নারীদের সম্মানজনক চলাচল নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
গোলাম পরওয়ারের মতে, কেবল প্রশাসনিক পদক্ষেপে এ সমস্যার সমাধান সম্ভব নয়। নাগরিকদের নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ইতিহাসও তুলে ধরেন জামায়াতের এই নেতা। তিনি উল্লেখ করেন, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের কারণে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে হত্যা করা হয়। তাদের স্মরণে দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার উদ্যোগ নেয়।
১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটির স্বীকৃতি দেওয়া হয়। পরে ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। বাংলাদেশেও ১৯৯৭ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
দেশে ধর্ষণ, হত্যা ও কর্মক্ষেত্রে নারীর ওপর নির্যাতনের ঘটনা বন্ধে সংশ্লিষ্ট সবার কার্যকর পদক্ষেপ দাবি করেন গোলাম পরওয়ার। তিনি নারী নির্যাতন প্রতিরোধে সরকার ও দেশবাসীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।