দেশের রাজনৈতিক ঐক্য, ভারতের সঙ্গে পানিবণ্টন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর পাশে থাকবে তার দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, গঙ্গা চুক্তি নতুন করে সম্পাদনের উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতকে কঠোর বার্তা দিতে হবে। একই সঙ্গে ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলাম জানান, বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি জানিয়েছে এনসিপি। এ ছাড়া ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনসংক্রান্ত একদলীয় কমিটির কারণে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করে এনসিপি। এ কারণে কমিটিটি বাতিলের সুপারিশ করা হয়েছে।
ভারতের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়; ৫ আগস্টেই তাদের পরাজিত করা হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা করা। তাঁর অভিযোগ, ভারত থেকে বাংলাদেশবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। সীমান্তের কাছে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমাবেশেও পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতা যুক্ত হয়েছেন বলে তিনি দাবি করেন। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি আওয়ামী লীগ সরকারের সময়কার পরিস্থিতির সমালোচনাও করেন।
সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, কেবল আনুষ্ঠানিক আলোচনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, উদ্যোগের বাস্তব ফল থাকতে হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব শক্তিকে একত্র করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে।