জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের মানুষ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। সহিংসতা কিংবা অপরাধের জবাব দমন-পীড়নের মাধ্যমে নয়, বরং প্রচলিত আইনে বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই দিতে চায় দলটি।
বিগত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ওই সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনী পরিবেশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তির ওপর নির্যাতন, মামলা ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও বিদেশে অবস্থান করে অডিও বার্তার মাধ্যমে সহিংস কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির কয়েকজন নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।
রিজভীর দাবি, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা দেশে নাশকতা চালাতে অর্থ সরবরাহ করছেন। ব্যাংকিং খাত ও বড় প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারতেন। তবে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি বিশ্বাস থেকেই প্রতিশোধের পথ বেছে নেওয়া হচ্ছে না।
দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতা ঠেকাতে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ বাপ্পা সিকদার। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




