নাশকতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতেও নতুন কৌশল নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ—এমন অভিযোগ করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার দাবি, দলটির নেতাকর্মীরা গোপনে ভিডিও তৈরি করে বিদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মোটরসাইকেল র্যালির উদ্বোধনপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের লোকজন এখন অনেকটা আড়ালে থাকা কনটেন্ট নির্মাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা নিচু স্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও ধারণ করছেন এবং সেগুলো দেশের বাইরে ছড়িয়ে দিচ্ছেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড মূলত একটি পরিকল্পিত বার্তা প্রচারের অংশ।
তিনি বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের চূড়ান্ত পরিণতি ঘটেছে। এরপর দলটির বিভিন্ন তৎপরতা তাদের রাজনৈতিক অবস্থান ও জনবিচ্ছিন্নতার চিত্র আরও স্পষ্ট করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটির পুনর্বাসনের সম্ভাবনা তৈরি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, তিনি বারবার দেশে ফেরার কথা বললেও বাস্তবে ফিরছেন না। তবে দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তার বিরুদ্ধে দেওয়া রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাকে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করেন হাসনাত। তার অভিযোগ, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের তৎপরতার নজির রয়েছে বলে দাবি করেন তিনি।
ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেন, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে তারা অভিযোগ করছেন। পরে সীমান্ত পেরিয়ে আবার ভারতে ফিরে যাচ্ছে। তার দাবি, এ ধরনের আন্তসীমান্ত তৎপরতায় ভারতের মদদ রয়েছে।
হাসনাত আবদুল্লাহ জানান, দলের পাঁচ দফা দাবি আদায়েও দেশজুড়ে কর্মসূচি অব্যাহত রয়েছে। মোটরসাইকেল র্যালিতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




