বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের আঘাত এলে তার প্রতিক্রিয়া ভারতের অভ্যন্তরেও ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ বক্তব্য দেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’সংক্রান্ত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেও ছাত্র-জনতার আন্দোলন দমন করতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি বাস্তবসম্মত নয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারতের নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও দাবি করেন তারা। তাদের অভিযোগ, এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিয়ে বাংলাদেশবিরোধী বক্তব্য দেওয়ানো হচ্ছে।
নেতারা বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের হুমকিতে ভীত নয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা আগ্রাসী তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান বাংলাদেশ আগের অবস্থানে নেই। বাংলাদেশের রাজনীতি ও সার্বভৌমত্বের বিষয়ে ভারতের অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হেফাজত নেতারা। পিলখানা হত্যাকাণ্ড, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা ও প্রভাব নিয়ে ওঠা অভিযোগের জবাব দেওয়ার দাবি জানান তারা।
ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, সেখানে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও বাংলাদেশকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
হেফাজত নেতারা আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। দেশের বিরুদ্ধে যেকোনো অপপ্রচার ও আগ্রাসী মনোভাব ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো হয়ে দিল্লি পর্যন্ত এর পাল্টা প্রতিক্রিয়া ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন তারা।
বিবৃতিতে জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার সাহসিকতাকে স্বাধীনতা রক্ষার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংকটময় পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর সহযোগিতা ও সংহতি প্রত্যাশা করেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।