দোয়া, মিলাদ ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে দলটির নেতাকর্মীরা।শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।অনুষ্ঠানে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের মাধ্যমে খালেদা জিয়া দলের নেতাকর্মীদের অনুপ্রেরণা দিয়েছেন।

তিনি বিএনপিকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন।

বিকেলে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া ও ফাতেহা পাঠ করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সেখানে অংশ নেন।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাদের উদ্যোগে মিলাদ, দোয়া এবং দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন জেলা-উপজেলাতেও একই ধরনের কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।