জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার না করে প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর গণভবনে নবনির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই জাদুঘরকে একটি নিরপেক্ষ জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এতে কোনো ধরনের একক দলীয় ইতিহাস আমরা দেখতে চাই না। অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও দলীয়করণের অভিযোগ দেখা গেছে, সরকার বদলের সাথে সাথে বইপত্র ও ইতিহাসের বয়ান বদলে গেছে। জুলাই বিপ্লবের ক্ষেত্রে যেন এমন ঘটনা না ঘটে।”
তিনি উল্লেখ করেন, বর্তমান প্রদর্শনীতে কেবল পরিচিত কিছু ঘটনা ও মুখ বারবার কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়, জেলা শহরের প্রতিরোধ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান পর্যাপ্তভাবে উঠে আসেনি। এমনকি অভ্যুত্থানের অন্যতম রূপকার শহীদ আবু সাঈদের ছবি প্রদর্শনীতে না থাকা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, কর্তৃপক্ষ আবু সাঈদকে নিয়ে চলচ্চিত্র তৈরি করে সেখানে প্রদর্শনের আশ্বাস দিয়েছে।
জাদুঘরের বর্তমান নিরাপত্তা ও ব্যবস্থাপনার ঘাটতি তুলে ধরে তিনি বলেন, ২০০ জন জনবলের জায়গায় বর্তমানে মাত্র ১৫-২০ জন দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে, যা বেশ ঝুঁকিপূর্ণ। প্রশাসনিক আমলাতন্ত্র সরিয়ে জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী বিশেষজ্ঞ, গবেষক ও জড়িতদের নিয়ে আইন প্রণয়ন পূর্বক স্বায়ত্তশাসিত কাঠামোয় এই জাদুঘর পরিচালনার দাবি জানান তিনি।
'জুলাই জাদুঘরে কোনো দলীয় ইতিহাস দেখতে চাই না': গণভবন পরিদর্শন শেষে নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার না করে প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ…
প্রিয় বাংলাদেশরাজনীতি


